Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তেহরানে ইসলামী ঐক্য সম্মেলন শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

তেহরানে ইসলামী ঐক্য সম্মেলন শুরু

ছবিঃ মেহের নিউজ

ইসলামী বিশ্বের ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন। বৃহস্পতিবার তেহরানের সামিট হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের প্রায় ৬০০ প্রতিনিধি ও অতিথি অংশ নেন।

সম্মেলনে বিভিন্ন দেশের আলেম, ধর্মীয় নেতা, কূটনীতিক, বিজ্ঞানী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রধান ধর্মীয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইরাক, পাকিস্তান, তুরস্ক, লেবানন, আফগানিস্তান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরাও এতে অংশ নেন।

বিশ্ব চিন্তাধারার নৈকট্য ফোরামের মহাসচিব হুজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ দেশি-বিদেশি অতিথিদের স্বাগত জানান।

উদ্বোধনী বক্তব্যে শাহরিয়ারি গত এক বছরে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্যে ইরানের জাতীয় সক্ষমতা, প্রতিরোধ এবং ইসলামী দেশগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

শাহরিয়ারি বলেন, শক্তিশালী ইরান ইসলামী দেশগুলো এবং বিশ্বের নিপীড়িত জনগণের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে। তাঁর দাবি, ইরানের অগ্রগতি ও শক্তিশালী অবস্থানকে বাধাগ্রস্ত করতেই দেশটির ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে।

ইরানের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি, উন্নত অবকাঠামো, তেল ও বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শক্তিশালী সামরিক বাহিনী, সরকার ও নেতৃত্ব ইরানের জাতীয় সংহতি এবং প্রতিরোধ সক্ষমতা বাড়িয়েছে বলে দাবি করেন শাহরিয়ারি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাবের শাহারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার অভিযোগও বক্তব্যে তুলে ধরেন তিনি। এ ঘটনায় পশ্চিমা গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শাহরিয়ারি।

ইরানের ওপর দীর্ঘদিনের মার্কিন চাপের প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের পরও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারেনি। তাঁর দাবি, বৈজ্ঞানিক অগ্রগতি, ক্ষেপণাস্ত্র ও কৌশলগত ড্রোন সক্ষমতা এবং সামরিক প্রতিরোধের কারণে ইরান আঞ্চলিকভাবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে শাহরিয়ারি বলেন, বাইরের শক্তির উপস্থিতি সবসময় নিরাপত্তা নিশ্চিত করে না। বরং তা ভবিষ্যতে নতুন সমস্যার কারণ হতে পারে। ইসলামী দেশগুলো নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলেও তিনি মত দেন।

প্রায় ৬০০ দেশি-বিদেশি অতিথির অংশগ্রহণে শুরু হওয়া ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে ইসলামী বিশ্বের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন