নেপালে ফ্লাশ ফ্লাড-ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ৫৫৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম
সংগৃহীত ছবি
নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা (ফ্লাশ ফ্লাড) ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
বুধবার সকালে চীনের সীমান্তবর্তী এলাকায় হঠাৎ কাদা ও ধ্বংসাবশেষের স্রোত নেমে এসে কয়েকটি স্থাপনায় আঘাত হানে। এরপর নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করে কর্তৃপক্ষ। সহস্রাধিক উদ্ধারকর্মী প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও আধুনিক সরঞ্জাম নিয়ে দুর্গম এলাকায় তল্লাশি চালাচ্ছেন।
চীনের সীমান্ত এলাকার নজরদারি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কাদার প্রবল স্রোত ধেয়ে আসার সময় প্রাণ বাঁচাতে কয়েক ডজন মানুষ দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।
চীনের আধাসামরিক বাহিনী পিপলস আর্মড পুলিশের সদস্য লি চিপু রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে জানিয়েছেন, উদ্ধারকাজে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে উজানে একটি জলাধারের হ্রদের অস্থিতিশীলতা এবং দুর্গম ও সরু পাহাড়ি সড়ক অন্যতম।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগকবলিত এলাকায় বড় যানবাহন ও ভারী উদ্ধার সরঞ্জাম এখনো সরাসরি পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে আশপাশের সড়কগুলো সচল থাকায় বিকল্প পথে ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্গত এলাকায় প্রায় ৮০০ উদ্ধারকর্মী এবং ১৫০টির বেশি যানবাহন পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ৪৩১ সদস্যও উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন। তারা অনুসন্ধানী কুকুর, জীবিত শনাক্তকারী স্ক্যানার ও ছোট নৌকা ব্যবহার করে নিখোঁজদের সন্ধান করছেন।
প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মীদের কোদাল হাতে ধ্বংসস্তূপ সরাতে দেখা গেছে। পাশাপাশি দুর্গত এলাকায় নিয়মিত ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ত্রাণসামগ্রী নিয়ে বেসামরিক ও সামরিক উড়োজাহাজও তিব্বতে পৌঁছেছে বলে জানিয়েছে সিসিটিভি।
এদিকে এলাকায় নতুন করে ভূমিধস ও পাহাড় থেকে পাথর ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের বৃষ্টির পর দ্বিতীয় দফায় দুর্যোগের ঝুঁকি বেড়েছে। ফলে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি সম্ভাব্য নতুন বিপদ মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)