মধ্যস্থতার গতি আনতে তেহরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগে নতুন গতি আনতে তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। বৃহস্পতিবার তার ইরান সফরের কথা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সামরিক লড়াই আপাতত বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুরোপুরি কাটেনি। বরং ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়ায় পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিত্র কাতার দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এর আগে জুনে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের বড় ধরনের সামরিক তৎপরতা এখন থেমে থাকলেও স্থায়ী সমাধানের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি এখনও হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকায়ি জানিয়েছেন, তেহরান সফরে আল-থানি কাতারের মধ্যস্থতার উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে উত্তেজনা কমানো এবং আলোচনার উপযোগী পরিবেশ তৈরির পথ নিয়েও আলোচনা হবে।
এদিকে প্রায় এক মাস ধরে ইরানের ওপর নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। পর্যবেক্ষকদের মতে, সামরিক পদক্ষেপের পরিবর্তে ইরানের বাণিজ্যিক সম্পর্ক সংকুচিত করতে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলেই বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)