২৮ আগস্ট আকাশে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী ২৮ আগস্ট। ওই দিন আকাশে দেখা যাবে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এভাবেই সৃষ্টি হয় চন্দ্রগ্রহণ।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এ চন্দ্রগ্রহণ দেখার সুযোগ থাকবে। লন্ডনে স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৩টা ৩৩ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে। ভোর ৫টা ১২ মিনিটে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তখন চাঁদের প্রায় ৯০ শতাংশ পৃথিবীর গভীর ছায়া বা ‘আম্ব্রা’র মধ্যে থাকবে।
এসময় চাঁদ দক্ষিণ-পশ্চিম আকাশে দিগন্তের খুব কাছাকাছি অবস্থান করবে। ফলে ‘মুন ইলিউশন’ নামের একটি প্রভাব দেখা যেতে পারে, যার কারণে চাঁদকে স্বাভাবিকের তুলনায় বড় ও বেশি আকর্ষণীয় মনে হয়।
লন্ডনে ভোর ৬টা ১৫ মিনিটের দিকে চাঁদ অস্ত যাবে এবং আকাশ থেকে দৃশ্যমানতা হারাবে। তবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় চাঁদ অস্ত যাওয়ার সময় ভিন্ন হবে।
উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে গ্রহণটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলের মানুষও গ্রহণের আংশিক দৃশ্য দেখতে পারবেন। এসব এলাকায় স্থানীয় সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় গ্রহণটি দৃশ্যমান হতে পারে। তবে বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না।
এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। তাই পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে না; চাঁদের একটি ছোট অংশ গভীর ছায়ার বাইরে থাকবে। তবে গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো চাঁদে পৌঁছানোর কারণে ছায়াচ্ছন্ন অংশে লালচে বা তামাটে আভা দেখা দিতে পারে। এ ধরনের দৃশ্যকে সাধারণভাবে ‘ব্লাড মুন’ বলা হয়।
চন্দ্রগ্রহণটি মোট পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে গভীর আংশিক পর্যায় স্থায়ী হবে তুলনামূলকভাবে কম সময়। সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ অংশ পৃথিবীর মূল ছায়ার মধ্যে থাকবে বলে জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত তথ্যগুলোতে জানানো হয়েছে।
যেসব অঞ্চল থেকে দেখার সুযোগ:
চন্দ্রগ্রহণ ভালোভাবে দেখতে দক্ষিণ-পশ্চিম দিগন্তের দিকে বাধাহীন দৃষ্টিসীমা রয়েছে—এমন উঁচু জায়গা বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিদরা। আকাশ পরিষ্কার থাকাও গুরুত্বপূর্ণ।
যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় এসময় আবহাওয়ার পরিস্থিতি ভিন্ন হতে পারে। কিছু এলাকায় মেঘ ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও মধ্য ও পূর্ব ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু এলাকায় আকাশ তুলনামূলক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
তবে এসব এলাকাতেও এক ঘণ্টা থেকে আরেক ঘণ্টায় মেঘের অবস্থার পরিবর্তন হতে পারে এবং তা সঠিকভাবে পূর্বাভাস দেয়া কঠিন।
উল্লেখ্য, এর আগে ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। তার দুই সপ্তাহের কিছু বেশি সময় পরই এই চন্দ্রগ্রহণ ঘটছে।
সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করলেই এ ধরনের গ্রহণের পরিস্থিতি তৈরি হয়। এ কারণেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অনেক সময় কাছাকাছি সময়ে জোড়ায় জোড়ায় সংঘটিত হতে দেখা যায়।
চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে সূর্যগ্রহণের মতো চোখের জন্য বিশেষ সুরক্ষা নেওয়ার প্রয়োজন নেই। খালি চোখেই এটি নিরাপদে দেখা যায়। চাইলে সাধারণ বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করে চাঁদের গ্রহণকবলিত অংশ আরো স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন
logo-1-1772191739.png)