Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নেপালে ফ্লাশ ফ্লাডে ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক ভারতীয়

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

নেপালে ফ্লাশ ফ্লাডে ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক ভারতীয়

ছবি: সংগৃহীত

নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় ২৯১ জন বিদেশিসহ কয়েক শত মানুষ নিখোঁজ রয়েছেন। 

বুধবার (২৬ আগস্ট) ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ঠিক উত্তরে রাসুয়া এলাকায় বন্যাটি আঘাত হানে। অতিরিক্ত তুষার গলে ভোতে কোশি নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এ বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্যার পানির তোড়ে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কসহ বিভিন্ন অবকাঠামো।

তিব্বত ও নেপাল সীমান্তের উভয় পাশে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

তিব্বতের নিয়ন্ত্রণকারী চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এতে ব্যাপক প্রাণহানি হয়েছে। নেপালের কর্মকর্তারাও ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি’র আশঙ্কা করছেন।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, উদ্ধার তৎপরতায় দেশটির সব নিরাপত্তা সংস্থা একসাথে কাজ করছে।

ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি প্রবল স্রোতে গ্রামগুলোর মধ্য দিয়ে ধেয়ে যাচ্ছে।

তিব্বত থেকে নেপালে প্রবাহিত ভোতে কোশি নদীর ভাটির দিকের বেশ কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চলে সড়ক যোগাযোগ, টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ রয়েছে।

কাঠমান্ডুভিত্তিক চীনা ব্যবসায়ী ইয়ে লিয়াং বলেন, আমাদের লজিস্টিকস কোম্পানির সাতটি কনটেইনার ট্রাক সেখানে রয়েছে, যেগুলোতে নেপালি কর্মীরা কাজ করেন। আমরা তাদের সবার সাথে যোগাযোগ হারিয়েছি। কোনো সিগন্যাল নেই, তাই কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিকসহ অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশি রয়েছেন কি না এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এছাড়া রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছেন। সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। 

সূত্র: বিবিসি, এনডিটিভি

মন্তব্য করুন