Logo
×

Follow Us

আন্তর্জাতিক

শান্তির বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

শান্তির বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিরা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অচলাবস্থা কাটিয়ে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং স্থায়ী শান্তির পথ খুঁজতে ইরান সফর করেছেন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দিনব্যাপী এ সফরকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখছে ইসলামাবাদ।

সফরকালে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান, সুপ্রিম লিডারের প্রতিনিধি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিনিধি মোহসেন রেজায়ি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সাথে বৈঠক করেন।

বৈঠকগুলোতে সংঘাতের বিস্তার ঠেকানো, উত্তেজনা প্রশমন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং দ্রুত সংঘাতের অবসানের উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও বিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথ নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

পাকিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় ইরানের নেতারা সংলাপ ও উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেন। তারা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ইসলামাবাদের গঠনমূলক ভূমিকার প্রতিও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

সফর শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, তেহরানে অনুষ্ঠিত বৈঠকগুলোতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার আশা, এই অগ্রগতি শেষ পর্যন্ত অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাকভি বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাদের বৈঠক অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয় এবং সংঘাতের পূর্ণাঙ্গ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট তার সরকারের অবস্থান ও উদ্বেগগুলো খোলামেলাভাবে তুলে ধরেছেন। এসব বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে এবং বৈঠক থেকে ইতিবাচক ফল পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

নাকভির ভাষ্য অনুযায়ী, আলোচনার এই গতি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি স্থায়ী শান্তির জন্য আরও অগ্রগতি সম্ভব হবে।

ইরানে পৌঁছানোর পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা স্বাগত জানান। পাকিস্তানের এ সফরকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন