Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা, পাল্টা জবাবের হুমকি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৪১ এএম

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা, পাল্টা জবাবের হুমকি

ছবিঃ রয়টার্স

ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নতুন পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই চাপ মোকাবিলায় দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা পাশে থাকবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ পথগুলো বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের লক্ষ্য। একই সাথে ইরানের সাথে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করেন তিনি।

তবে কোন কোন দেশ নতুন মার্কিন পদক্ষেপের আওতায় আসতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি বেসেন্ট। নিষেধাজ্ঞাগুলো ঠিক কবে থেকে কার্যকর হবে, সেটিও স্পষ্ট করেননি তিনি। সংশ্লিষ্ট দেশগুলোকে নতুন বিধিনিষেধের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

নতুন ঘোষণায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগ থাকা কোনো চীনা আর্থিক প্রতিষ্ঠানকে এবার নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল ইরান। বিশেষ করে পারস্য উপসাগর দিয়ে তেল রপ্তানি আরও কমিয়ে দেওয়ার পাশাপাশি সামরিক প্রতিক্রিয়ার বিষয়েও সতর্ক করেছিল তেহরান।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানের অর্থমন্ত্রী আলি মাদানাইজাদে বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মোকাবিলার জন্য তার দেশ পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপকে তারা আক্রমণ হিসেবে দেখছে এবং এর জবাব দেওয়ার সক্ষমতাও তেহরানের রয়েছে।

ইরানের অর্থমন্ত্রী আরও বলেন, চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মেনে নেবে না বলে তারা আশা করছেন। একই সঙ্গে অন্যান্য দেশও মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় ইরানের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি আরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ এবং জ্বালানি সরবরাহের কৌশলগত কেন্দ্রগুলোতে বড় ধরনের আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বহুমুখী মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে রয়েছে। তবে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানের ওপর কাঙ্ক্ষিত রাজনৈতিক চাপ তৈরি করতে পারেনি ওয়াশিংটন।

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি ও পারস্য উপসাগরীয় বাণিজ্যপথ ঘিরে পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন