২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:১১ এএম
ছবিঃ সংগৃহীত
অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেছেন—এমন প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের প্রস্তুতি চলছে।
ফক্স নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে বিপুলসংখ্যক আবেদনকারীকে এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার পর তাদের ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপি’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক বিদেশি অ-অভিবাসী ভিসায় স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এবং পরবর্তীতে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এ ধরনের আবেদনকারীদের শনাক্ত করে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি পিগোট। তিনি জানান, এ সংক্রান্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। ফলে চূড়ান্তভাবে কতজন আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি অনুযায়ী, পর্যটক ও ব্যবসায়িক ভিসা ব্যবহার করে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা বিদেশিদের ওপর নজরদারি ও যাচাই-বাছাই আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)