‘অর্থনৈতিক যুদ্ধ’চললে হরমুজে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম
ছবিঃ হিন্দুস্থান টাইমস
যুক্তরাষ্ট্রের সাথে চলমান ‘অর্থনৈতিক যুদ্ধ’ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়েও এক ফোঁটা তেল রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন।
মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি তো নয়ই, পারস্য উপসাগরের অন্য কোনো স্থান থেকেও ইরান তেল রপ্তানি করতে দেবে না। তাঁর ভাষায়, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহযোগিতা করলে তেহরান সেটিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।
ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির কঠোর অবস্থানের বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে তেহরানের এমন হুঁশিয়ারি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব উপকূলীয় দেশগুলোর হাতেই থাকা উচিত। তেহরানের অবস্থান অনুযায়ী, কোনো দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে কিংবা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক কর্মকাণ্ডে সহযোগিতা করলে তাকেও এর দায় নিতে হবে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় এ জলপথের নিরাপত্তা নিয়ে যেকোনো সংকট আন্তর্জাতিক তেলবাজার ও নৌ-বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে ইরানের সর্বশেষ হুঁশিয়ারিকে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)