ছবিঃ সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বর্ষণের পর বিশাল আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ধসে পড়া বর্জ্যের স্তূপ পাশের অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গিনি সরকার জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার বিশাল স্তূপটি ধসে পড়ে। খবর পেয়ে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাঁর পাঁচ সন্তান নিহত হয়েছে। ঘটনাস্থলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ভিড় করছেন। উদ্ধারকর্মীরা ধসে পড়া বর্জ্যের স্তূপের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে মরদেহ ও জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।
গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি দেখেছেন। স্থানীয় নেতা লানসিনে সিলা এর আগে এএফপিকে জানিয়েছিলেন, বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছিল।
দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্ষাকালে ভারী বৃষ্টিপাতকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১৭ সালেও একই এলাকায় আবর্জনার স্তূপ ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)