হরমুজে জাহাজ চলাচলে সার্ভিস ফি বসাতে যাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম
ছবিঃ সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে সার্ভিস ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন। রোববার (২৩ আগস্ট) কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে জ্বালানি, বীমা ও নিরাপত্তাসহ বিভিন্ন সেবা দেওয়ার বিনিময়ে এই ফি আদায় করা হবে। ইরানি রিয়াল ছাড়াও অন্য মুদ্রায় ফি পরিশোধের সুযোগ থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের মার্চের শুরু থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজের চলাচল বন্ধ রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। পাশাপাশি বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশও এই জলপথের মাধ্যমে হয়ে থাকে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে সার্ভিস ফি আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে বাড়তি চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতিতেও।
কৌশলগত এই জলপথে জাহাজ চলাচল নিয়ে আগে থেকেই যে সংকট তৈরি হয়েছে, নতুন ফি আরোপের সিদ্ধান্ত তা আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)