বঙ্গোপসাগরে জাহাজডুবি,বাংলাদেশি নাবিক সহ নিখোঁজ ২৪
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম
বঙ্গোপসাগরে জাহাজডুবি
বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে বাংলাদেশি একজনসহ চীন ও মিয়ানমারের মোট ২৪ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের মধ্যে কতজনকে উদ্ধার করা হয়েছে, তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জানা গেছে, জাহাজটি ওড়িশা থেকে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য পায়। পরে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড অনুসন্ধান ও উদ্ধার সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়।
এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। বিজিত নামের আরেকটি জাহাজও শ্রী বিজয়া পুরম থেকে উদ্ধার অভিযানে যোগ দিতে রওনা হয়।
পিটিআইয়ের প্রতিবেদনে এক ভারতীয় ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এখন পর্যন্ত কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বঙ্গোপসাগরে আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও উদ্ধার তৎপরতায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট থেকে দুজনকে উদ্ধার করেছে। তবে এমভি ওশেন উইনার কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)