হরমুজকে ফের মার্কিন ভূখণ্ড বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে আবারও ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের মধ্যেই শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বর্তমানে তিনি আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এখনো সময় রয়েছে এবং প্রয়োজন হলে ইরানে আরও হামলা চালানো হতে পারে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনী হরমুজ প্রণালিতে ৬৮টি বাণিজ্যিক জাহাজকে অবরোধের নিয়ম মেনে চলতে বাধ্য করেছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা এখনো কোনো সমঝোতায় পৌঁছায়নি। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।
এর আগেও হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইচ্ছা করলে সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার ধারণার প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি মানচিত্রেও হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।
তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘ভ্রান্ত কল্পনা’ বলে মন্তব্য করেছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)