নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:১১ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরাইলের নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে। ২০২৬/১০৮ নম্বর এ মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন।
তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এ-সংক্রান্ত নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। গুরলেকের ভাষ্য অনুযায়ী, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলাটি আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলার কর্মীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে। তুরস্কের তদন্তে ফ্লোটিলা জব্দ এবং ত্রাণ পৌঁছে দিতে যাওয়া কর্মীদের আটকের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদ নষ্ট করা, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহণযান ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে।
বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণ করবে। একই সাথে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)