Logo
×

Follow Us

বিনোদন

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১০ কোটি রুপি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১০ কোটি রুপি

সংগৃহীত ছবি

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে উল্লেখযোগ্য আয় করেছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর অভিনীত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটির ভারতে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ রুপি। হিন্দু মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি ঘিরে ভারত ও বিদেশের দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।

সিনেমার বক্স অফিসসংক্রান্ত তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, গত শনিবার পর্যন্ত ভারতে প্রায় ১ লাখ ৮৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। ব্লক করা আসনসহ ৪ হাজার ৪৩৯টি প্রদর্শনীর হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে আসন পূরণের হার দাঁড়িয়েছে ১৯ শতাংশ।

ভাষাভিত্তিক অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। এ সংস্করণে টিকিট বিক্রির পরিমাণ ৯ কোটি ১৫ লাখ রুপি এবং আসন পূরণের হার ৮৭ শতাংশ। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ১ কোটি ৩ লাখ রুপি, যেখানে আসন পূরণের হার ১০ শতাংশ। অন্যদিকে, তেলুগু সংস্করণে অগ্রিম বুকিং থেকে এসেছে ৩১ লাখ ২৫ হাজার রুপি; আসন পূরণের হার ৩ শতাংশ।

প্রযুক্তিনির্ভর প্রদর্শনীতেও সিনেমাটির টিকিট বিক্রি থেকে উল্লেখযোগ্য আয় হয়েছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মোট অগ্রিম বুকিংয়ের ৬৪ শতাংশ এসেছে থ্রিডি সংস্করণ থেকে। এ সংস্করণের ৩ হাজার ৮৮৩টি প্রদর্শনীতে ১ লাখ ৪২ হাজার টিকিট বিক্রি হয়েছে, যার বিপরীতে আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৭২ লাখ রুপি।

এ ছাড়া আইম্যাক্স থ্রিডি প্রদর্শনী থেকে আয় হয়েছে ২ কোটি ৫০ লাখ রুপি। এ ধরনের ১৪৯টি প্রদর্শনীতে ২২ হাজার ৪১০টি টিকিট বিক্রি হয়েছে এবং আসন পূরণের হার ছিল ৫০ শতাংশ। অন্যদিকে, ফোরডিএক্স থ্রিডি সংস্করণের ১৩২টি প্রদর্শনীতে ৫ হাজার ৫৪৬টি টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪২ লাখ ৪৩ হাজার রুপি। এ ক্ষেত্রে আসন পূরণের হার ৪১ শতাংশ।

ভারতের বাইরেও ‘রামায়ণ’ নিয়ে আগাম আগ্রহের চিত্র পাওয়া যাচ্ছে। স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিমাণ ১১ লাখ ডলার ছাড়িয়েছে। প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ৬ লাখ ডলার ছাড়িয়েছে। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলার। শুধু প্রিমিয়ার প্রদর্শনী থেকেই আয় হয়েছে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার ডলার।

দুই পর্বে মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়ে নির্মিত হয়েছে ‘রামায়ণ’। সিনেমাটির প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের দীপাবলি উপলক্ষে।

সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির এ হিসাব সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের একটি প্রাথমিক চিত্র তুলে ধরছে।

মন্তব্য করুন