Logo
×

Follow Us

বিনোদন

নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’, নতুন নামে দেখা যাবে ‘বোহেমিয়ান ঘোড়া’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’, নতুন নামে দেখা যাবে  ‘বোহেমিয়ান ঘোড়া’

সংগৃহীত ছবি


বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার পৌঁছে যাচ্ছে ভারতের আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে। আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সাথে বাংলা কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠান হইচইয়ের নতুন অংশীদারত্বের আওতায় সিরিজ দুটি যুক্ত হচ্ছে নেটফ্লিক্সের কনটেন্ট তালিকায়। সেখানে ‘বোহেমিয়ান ঘোড়া’ দেখা যাবে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতের মুম্বাইয়ে এ অংশীদারত্বের ঘোষণা দেয় নেটফ্লিক্স ও হইচই। চুক্তি অনুযায়ী, হইচইয়ের আগামী দুই বছরে মুক্তি পেতে যাওয়া সব নতুন সিরিজের হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণ নেটফ্লিক্সে প্রচার করা হবে। এসব ভাষার সংস্করণ মূল বাংলা সিরিজের সাথে একই সময়ে প্রকাশের পরিকল্পনা রয়েছে। 


এই উদ্যোগের অংশ হিসেবে হইচইয়ের আগে প্রকাশিত ১৪টি সিরিজও নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে। তালিকায় রয়েছে আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’। এ ছাড়া অপরাধ ও গোয়েন্দা কাহিনি, সামাজিক নাটক, ভৌতিক গল্প এবং রোমান্টিক ঘরানার আরো কয়েকটি সিরিজ থাকছে এ সংগ্রহে। 

‘মহানগর’ সিরিজে মোশাররফ করিম অভিনীত ওসি হারুন চরিত্রটি দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি পেয়েছে। অপরাধ, ক্ষমতার দ্বন্দ্ব ও পুলিশি ব্যবস্থার নানা বাস্তবতা ঘিরে নির্মিত সিরিজটি বাংলা ওটিটি কনটেন্টের আলোচিত কাজগুলোর একটি। নেটফ্লিক্সে অন্তর্ভুক্তির ফলে সিরিজটি নতুন ভাষার দর্শকদের কাছেও পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। 

অন্যদিকে, অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ বাংলাদেশের মানুষ, লোকসংস্কৃতি, সম্পর্কের জটিলতা ও জীবনের বিচিত্র অভিজ্ঞতাকে গল্পের কেন্দ্রে রেখেছে। সিরিজটিতে হাস্যরস, ভালোবাসা, প্রতারণা এবং টিকে থাকার নানা কৌশল উঠে এসেছে। নেটফ্লিক্সে এর নতুন নাম ‘শাদি কা সিয়াপ্পা’ হওয়ায় ভারতীয় দর্শকের কাছে এটি ভিন্ন পরিচয়ে উপস্থাপিত হবে। 


চুক্তিটি কেবল পুরোনো সিরিজ সম্প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়। হইচইয়ের নির্বাচিত গল্প অবলম্বনে নতুন মৌলিক সিরিজ তৈরিতেও একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এসব প্রকল্পের প্রযোজনায় থাকবে হইচই স্টুডিওস। তবে নতুন সিরিজগুলোর নাম, অভিনয়শিল্পী ও মুক্তির সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বাংলা ভাষার গল্পকে অন্য ভাষার দর্শকদের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এই অংশীদারত্ব নতুন সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও গল্পকারদের কাজ আন্তর্জাতিক পরিসরে পরিচিত হওয়ার সম্ভাবনার পাশাপাশি বাংলা ওটিটি কনটেন্টের বাজার সম্প্রসারণের পথও এতে আরো বিস্তৃত হতে পারে।


মন্তব্য করুন