Logo
×

Follow Us

বিনোদন

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি

ছবিঃ এনডিটিভি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে ভারতের মুম্বাইয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জুহু এলাকায় ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ গাড়িতে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অভিনেতা।

সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে হামলার এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মোটরসাইকেলে তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজন টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালান। ষষ্ঠবার গুলি ছোড়ার চেষ্টা করলে বন্দুকটি আটকে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনায় অভিনেতার গাড়িচালক ফেরদৌসসহ কাছাকাছি থাকা আরো এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। চালক আহত হওয়ার পর টাইগার নিজেই গাড়ির নিয়ন্ত্রণ নেন। পরে দ্রুত গাড়ি চালিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তিনি।

হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি অডিও বার্তার মাধ্যমে ঘটনার দায় স্বীকার করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, বলিউড অভিনেতা সালমান খানের সাথে ঘনিষ্ঠতা এবং তাদের নির্দেশ অমান্য করার কারণে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ঘটনার পর মহারাষ্ট্র সরকার দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। মুম্বাই পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, টাইগার শ্রফ নিরাপদে আছেন। হামলার প্রকৃত কারণ, এর সাথে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন