Logo
×

Follow Us

বিনোদন

ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ: জানা গেল নানা পাটেকরের মৃত্যুর আসল কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ: জানা গেল নানা পাটেকরের মৃত্যুর আসল কারণ

ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর বৃহস্পতিবার (৮ অক্টোবর) না ফেরার দেশে পাড়ি জমান। ৭৫ বছর বয়সী অভিনেতা গোয়ায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ওই দিনই চিকিৎসা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল। পরের দিন, শুক্রবার এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গোয়ার পানাজি পুলিশ। এবার প্রকাশ্যে এল নানার ময়নাতদন্তের প্রতিবেদন।

অভিনেতার ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগের কথাই উল্লেখ করা হয়েছে। রবিবার গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক এই তথ্য জানিয়েছেন।

চিকিৎসকের বক্তব্য, হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী প্রধান ধমনীর একটি গুরুত্বপূর্ণ অংশে রক্ত জমাট বেঁধে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা।

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, ধমনীতে রক্ত জমাট বাঁধার কারণে হৃদযন্ত্রের পেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। কোনো অস্বাভাবিকতার কথা উল্লেখ করা হয়নি সেখানে।

হাসপাতাল সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নানার শারীরিক অবস্থার অবনতি হলে তার এক বন্ধু ছুটে আসেন এবং অভিনেতার দেখাশোনা যিনি করতেন তিনিও চলে আসেন। তারপর অ্যাম্বুল্যান্স ডাকা হয়। এরপর গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হয় অভিনেতার বাড়িতে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় ৪৫ মিনিট ধরে নানা পাটেকরকে সিপিআর প্রক্রিয়া দেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ভোর ৫টা ১০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান ছিল, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। পরে তার দেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে বাবার দেহ নিতে গোয়ায় পৌঁছেছিলেন নানা পাটেকরের ছেলে মলহার পাটেকর। সেখান থেকে আকাশপথে দেহ নিয়ে যাওয়া হয় পুণেতে। সেখানে দোনজে গ্রামের নিজের খামারবাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় তাকে।

উল্লেখ্য, হিন্দি ও মরাঠি সিনেমায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন নানা পাটেকর। অভিনেতা হিসাবেই নয়, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। 

মন্তব্য করুন