Logo
×

Follow Us

বিনোদন

‘একই জায়গায় আটকে থাকতে চাই না’- মধুমিতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

‘একই জায়গায় আটকে থাকতে চাই না’- মধুমিতা

অভিনেত্রী মধুমিতা সরকার

দীর্ঘদিনের পরিচিত অভিনয়ধারা থেকে বেরিয়ে এবার ভিন্নভাবে দর্শকের সামনে আসতে চান অভিনেত্রী মধুমিতা সরকার। নতুন ধরনের চরিত্র বেছে নেওয়ার ধারাবাহিকতায় ‘অটবি’ চলচ্চিত্রে তাকে দেখা যাবে মনস্তাত্ত্বিক জটিলতায় ভরা একটি চরিত্রে।

‘অটবি’তে নিজের চরিত্র প্রসঙ্গে মধুমিতা বলেন, এতদিন দর্শক তাকে যে ধরনের চরিত্রে দেখেছেন, নতুন সিনেমায় তার সাথে এই চরিত্রের কোনো মিল নেই। চরিত্রটির গভীর মনস্তাত্ত্বিক দিক শুরু থেকেই তাকে আকৃষ্ট করেছে। একজন পরিচালক তাকে এমন জটিল চরিত্রে ভাবতে পেরেছেন—এটিকেও নিজের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তার ভাষায়, একজন শিল্পী হিসেবে একই জায়গায় আটকে থাকতে চান না।

কাজের বাইরে ব্যক্তিজীবনেও নিজের অগ্রাধিকার বদলেছে বলে জানান মধুমিতা। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে অতিরিক্ত কাজের কারণে পরিবার ও বাবা-মাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। এখন কাজের চাপ কিছুটা কমিয়ে বেছে বেছে কাজ করার দিকে মনোযোগী হয়েছেন তিনি। তার মতে, জীবনে শুধু পেশাগত সাফল্যই গুরুত্বপূর্ণ নয়; প্রিয় মানুষ ও পরিবারের সাথে সময় কাটানোও সমান প্রয়োজনীয়।

ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নিজের ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার মতে, দুজন মানুষের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া ও মানসিক সামঞ্জস্য গুরুত্বপূর্ণ।

‘অটবি’তে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মধুমিতা জানান, চরিত্রটির শারীরিক ও মানসিক অভিব্যক্তির মধ্যে ভারসাম্য রাখাই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। চরিত্রের অস্বাভাবিকতা ফুটিয়ে তুলতে চোখের দৃষ্টি ও শরীরী ভাষায় পরিবর্তন আনতে হয়েছে। গল্পের পরিস্থিতি ও দৃশ্যায়নের সাথে সামঞ্জস্য রেখে চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।

প্রায় ১৭ থেকে ১৮ বছরের অভিনয়জীবনে দর্শকের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন মনে করেন মধুমিতা। একই সঙ্গে প্রশংসার পাশাপাশি গঠনমূলক সমালোচনাকেও গুরুত্ব দেন তিনি। তার প্রত্যাশা, দর্শক তার কাজ পছন্দ করলে ভালোবাসা দেবেন, আবার ভুল হলে সেটিও স্পষ্টভাবে তুলে ধরবেন।

দর্শকদের সাথে এই সম্পর্কের কথা বলতে গিয়ে মধুমিতা জানান, তিনি কিছুটা আড়ালে থাকলে দর্শকের ‘মধুমিতা কোথায়?’—এমন প্রশ্নই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। তার কাছে দর্শকের এই আগ্রহই বড় প্রাপ্তি।

মন্তব্য করুন