ছবি: সংগৃহীত
চলে গেলেন অভিনেত্রী রানি মুখার্জির মা ও সাবেক প্লেব্যাক গায়িকা কৃষ্ণা মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে শোক প্রকাশ করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ দুপুরে মারা গেছেন। এই গভীর শোকের সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার কৃতজ্ঞ। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মানের সাথে রক্ষা করার অনুরোধ করা হচ্ছে।’
কৃষ্ণা মুখার্জির নিজেরও ছিল সংগীতজগতের পরিচয়। তিনি ছিলেন প্লেব্যাক গায়িকা। ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ইদ কে দিন গালে মিল লে রাজা’ গানটির জন্য তিনি পরিচিতি পান।
মেয়েকে অভিনয়ে আসতে উৎসাহ দিয়েছিলেন কৃষ্ণাই। কিন্তু ২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানি জানান, প্রথম স্ক্রিন টেস্ট দেখে মা তার অভিনয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না। এমনকি সিনেমার প্রযোজক সালিম চাচাকে বলেছিলেন, রানিকে নিলে সিনেমাটি ক্ষতির মুখে পড়তে পারে।
মায়ের সেই আশঙ্কা অবশ্য সত্যি হয়নি। বরং রানি পরবর্তী সময়ে বলিউডের পরিচিত অভিনেত্রী হয়ে ওঠেন। মেয়ের ক্যারিয়ারের শুরুতে কঠোর সমালোচক, আবার স্বপ্ন দেখার প্রথম অনুপ্রেরণা দুই ভূমিকাতেই ছিলেন কৃষ্ণা মুখার্জি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে মুখার্জি পরিবারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)