হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’, তৈরি হচ্ছে সিক্যুয়ালও
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত
নিথিলন সামিনাথন পরিচালিত বিজয় সেতুপতি ও অনুরাগ কশ্যপ অভিনীত তামিল ছবি ‘মহারাজ’ মুক্তি পায় ২০২৪ সালে। দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবি। সম্প্রতি ছবিটির স্বত্ব হলিউডে তৈরির জন্য বিক্রি হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে ম্যাথিউ ম্যাককনেহিকে দেখা যেতে পারে বলেও জল্পনা চলছে।
এদিকে ‘হলিউড রিমেক’ নিয়ে মুখ খুলেছেন বিজয় সেতুপতি। তিনি জানান, রিমেকে অভিনয় করতে পারলে বিনা পারিশ্রমিকেও রাজি তিনি। পাশাপাশি, ‘মহারাজা-২’ তৈরি হওয়ার কথাও নিশ্চিত করেছেন অভিনেতা।
নিজের আগামী ছবির অডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়। সেখানে সঞ্চালক তাকে ‘মহারাজা’র হলিউডে পুনর্নির্মাণ নিয়ে প্রশ্ন করেন। সেই ছবিতে কে সেখানে অভিনয় করবেন, তা নিয়ে সরাসরি কিছু না বললেও, ছবির সিক্যুয়েল নিয়ে মুখ খোলেন বিজয়। অভিনেতার কথায়, “নিথিলন অসাধারণ পরিচালক। ওর লেখার ধরনও খুব ভালো। সম্প্রতি আমাকে ‘মহারাজা ২’-এর গল্প শুনিয়েছে। খুব ভালো লেগেছে। প্রথমে অনেকেই ‘মহারাজা’র উপর ভরসা করেননি, কিন্তু আমি প্রথম থেকেই ছবিটিকে বিশ্বাস করেছিলাম। তবে এমন সাফল্য পাব, তা ভাবিনি।”
হলিউড প্রসঙ্গে বিজয় বলেন, “সম্প্রতি আমি প্রযোজককে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, ‘স্যার, শুনছি ছবিটি হলিউডে রিমেক হচ্ছে। খবরটা কি সত্যি?’ আমি এ-ও বলেছিলাম, ‘আমাকে ছবিতে একটা চরিত্র দিন, আমি বিনা পারিশ্রমিকেই অভিনয় করব। শুধু একটা চরিত্র দিলেই আমি সেখানে চলে যাব।’ এটা আমার কাছে দারুণ বিস্ময় ও আনন্দের বিষয়। আমি সবসময় হলিউডে অভিনয় করতে চেয়েছি। আমার ছবি সেখানে যাচ্ছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। এর সমস্ত কৃতিত্ব নিথিলনের।”
‘মহারাজা’ ছবির গল্প এক বাবাকে ঘিরে, যিনি থানায় গিয়ে তার ‘লক্ষ্মী’ নামের একটি ডাস্টবিন চুরির অভিযোগ জানান। প্রথমে পুলিশ বিষয়টিকে সাধারণ চুরির ঘটনা বলে মনে করলেও, পরে তারা বুঝতে পারে, ওই অভিযোগের আড়ালে রয়েছে আরো গুরুতর ঘটনা। ২০২৪ সালের জুনে মুক্তি পায় ছবিটি। বাণিজ্যিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্ব জুড়ে ছবিটির আয় ১৯৯.২০ কোটি টাকা। ‘নেটফ্লিক্স’-এ মুক্তির পর ছবিটি আরো জনপ্রিয়তা পায়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)