Logo
×

Follow Us

বিনোদন

জন্মদিনে সালমান শাহকে যেভাবে স্মরণ করলেন শাবনূর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ এএম

জন্মদিনে সালমান শাহকে যেভাবে স্মরণ করলেন শাবনূর

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় তারকা। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে অভিষেকের পর খুব অল্প সময়েই নিজের স্বতন্ত্র স্টাইল ও অভিনয় দিয়ে জায়গা করে নেন তরুণ প্রজন্মের হৃদয়ে।

সালমান শাহর সাথে সবচেয়ে বেশি সিনেমায় জুটি বেঁধেছিলেন শাবনূর। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাই সালমানকে ঘিরে স্মৃতিচারণে শাবনূরের কথাও যেন অবিচ্ছেদ্য হয়ে ওঠে। সালমান শাহর জন্মদিনে প্রয়াত এই নায়কের স্মৃতিচারণ করতে গিয়ে তুলে ধরলেন তার মানবিকতার গল্প, জানালেন আবেগঘন এক বিশেষ অনুরোধও।

সালমানের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শাবনূর লিখেছেন, "শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!

কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।


পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে। 

মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। 

সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তাঁর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।"

সালমান শাহর চলচ্চিত্রযাত্রার শুরুতে মৌসুমীর সাথে জুটি গড়লেও পরবর্তী সময়ে শাবনূরের সাথে তার জুটি বিশেষ জনপ্রিয়তা পায়। তাদের সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শকের উপচেপড়া ভিড় দেখা যেত। পর্দার সেই জনপ্রিয় জুটি আজও দর্শকের স্মৃতিতে একইভাবে উজ্জ্বল।

মন্তব্য করুন