অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
ছবি: সংগৃহীত
অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে কোন সিনেমা জানতে অপেক্ষা আর কয়েক দিনের। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে দেশের প্রতিনিধি হওয়ার দৌড়ে জমা পড়েছে পাঁচটি সিনেমা। এখন এই পাঁচ ছবির মধ্য থেকেই বেছে নেয়া হবে একটি সিনেমা, যে ছবিটি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
জমা পড়া পাঁচটি সিনেমা হলো—
১. ‘মানুষের বাগান’ — নূরুল আলম আতিক
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে নির্মিত এই সিনেমা। মানুষের সম্পর্ক, জীবনের নানা জটিলতা ও পারস্পরিক সংযোগকে ছবিটির গল্পে তুলে ধরা হয়েছে। সিনেমাটি ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও পুরস্কার পেয়েছে।
২. ‘রইদ’ — মেজবাউর রহমান সুমন
‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র সাদু ও তার মানসিক সমস্যায় ভোগা স্ত্রী। তাদের জীবনসংগ্রাম ও সম্পর্ককে ঘিরেই এগিয়েছে গল্প। সিনেমাটির কাহিনির সূত্র পেয়েছিলেন পরিচালক নিজের মায়ের কাছ থেকে শোনা একটি গল্পে।
৩. ‘দম’ — রেদওয়ান রনি
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় আফগানিস্তানে জিম্মি হওয়া এক বাংলাদেশির বেঁচে থাকার লড়াই উঠে এসেছে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।
৪. ‘দেলুপি’ — মোহাম্মদ তাওকীর ইসলাম
খুলনার দেলুটি এলাকার মানুষের জীবন ও বাস্তবতা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় বন্যা, নদীভাঙন, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই এবং মানুষের সম্পর্কের গল্প উঠে এসেছে।
৫. ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ — মনিরুল আকাশ হক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলসংস্কৃতি, র্যাগিং, ছাত্ররাজনীতি ও ক্ষমতার সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। গল্পটি একটি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলকে কেন্দ্র করে এগিয়েছে।
অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের একটি কমিটি সিনেমাগুলো মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন- সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানো হবে। আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করার কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)