Logo
×

Follow Us

বিনোদন

এক আসরে দুই পুরস্কার, এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

এক আসরে দুই পুরস্কার, এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস

ছবি: সংগৃহীত

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়েছেন ওয়েলসের অভিনেতা ম্যাথিউ রিস। এক রাতেই দুটি প্রধান অভিনয় পুরস্কার জিতে প্রথম অভিনেতা হিসেবে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। অতিপ্রাকৃত টিভি কমেডি ‘Widow’s Bay’ এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ‘The Beast in Me’-তে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি।

ম্যাথিউ রিস প্রথমে ‘The Beast in Me’-এর জন্য সীমিত সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জেতেন। পরে ‘Widow’s Bay’-এ মেয়রের চরিত্রে অভিনয়ের জন্য কমেডি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার পান। 

এর আগে অ্যালান আলডা, স্যালি ফিল্ড, জন গুডম্যান, এলিজাবেথ মস ও টেড ড্যানসনের মতো কয়েকজন একই বছরে দুটি প্রধান অভিনয় পুরস্কারের জন্য মনোনীত হলেও, দুটিই জয়ের কৃতিত্ব রিসের আগে আর কারও ছিল না।

দ্বিতীয় পুরস্কার গ্রহণের সময় সেটি ওয়েলসের মানুষের প্রতি উৎসর্গ করেন রিস। তিনি বলেন, ‘ওয়েলসের মহান ও ভালো মানুষদের এই পুরস্কার উৎসর্গ করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা ছোট, কিন্তু শক্তিশালী একটি জাতি। এটি অবিশ্বাস্য।’ এরপর ওয়েলশ ভাষায় ‘Diolch yn fawr iawn’ বলে সবাইকে ধন্যবাদ জানান।

‘The Beast in Me’-তে ক্লেয়ার ডেনস অভিনীত এক শোকাহত লেখকের গল্প তুলে ধরা হয়েছে। রহস্যময় এক নতুন প্রতিবেশীকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ করে তাঁর প্রতি আসক্ত হয়ে পড়েন ওই লেখক। পুরস্কার জেতাকে বড় চমক হিসেবে উল্লেখ করে রিস ক্লেয়ার ডেনসকে ধন্যবাদ জানান।

রিসের সহশিল্পী কেট ও’ফ্লিনও এবারের এমিতে কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘Widow’s Bay’-এ প্যাট্রিসিয়া চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

এদিকে ‘Hacks’-এর পঞ্চম ও শেষ মৌসুমে অভিনয়ের জন্য কমেডি সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জিন স্মার্ট। এটি তাঁর ক্যারিয়ারের অষ্টম এমি। ‘The Diplomat’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে অষ্টম এমি পেয়েছেন অ্যালিসন জ্যানিও। স্মার্ট ও জ্যানি এখন সর্বোচ্চ অভিনয় পুরস্কার জয়ের রেকর্ডে ক্লোরিস লিচম্যান ও জুলিয়া লুই-ড্রেফাসের সঙ্গে সমতায় রয়েছেন।

সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে ‘The Pitt’। সিরিজটির প্রধান অভিনেতা নোয়া ওয়াইল টানা দ্বিতীয়বার ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

অন্যদিকে পারকিনসন্স রোগ নিয়ে সচেতনতা ও আক্রান্তদের সহায়তায় কাজের স্বীকৃতি হিসেবে বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ‘Back to the Future’খ্যাত মাইকেল জে ফক্স। ২০০০ সালে নিজের ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা ফক্স জানান, ২৯ বছর বয়সে রোগটি ধরা পড়ার পর শুরুতে তিনি বিষয়টি গোপন রেখেছিলেন। পরে তিনি বুঝতে পারেন, রোগ মেনে নেওয়া মানে তার কাছে আত্মসমর্পণ নয়; বরং আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর নতুন দায়িত্ব।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন