ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে যা বললেন বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলা ও হেনস্তার অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি হামলাকারীদের কঠোর সমালোচনা করেন।
বাঁধন বলেন, যারা তার ওপর হামলা করেছে, তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়ছে। শুধু গালাগালি, স্লোগান বা পানি ছোড়ার ঘটনা নয়, তার গায়ে হাতও তোলা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
প্রবাসে থাকা রাজনৈতিক দলের সমর্থকদের উদ্দেশে বাঁধন দলীয় সমর্থনের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নেতারা বিভিন্ন অডিও-ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের উসকে দিলেও এর পরিণতি ভোগ করতে হয় সাধারণ মানুষ ও তাদের পরিবারকে। মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা দেশে অর্থ পাঠান উল্লেখ করে তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।
বাঁধন বলেন, দলকে ভালোবাসা বা সমর্থন করা যেতে পারে, তবে ‘দলকানা’ হওয়া উচিত নয়। একই সাথে রাজনৈতিক নেতাদেরও ভবিষ্যতের রাজনীতি নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, সাময়িকভাবে কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলেও ভবিষ্যতে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে। তাই এমন রাজনৈতিক কর্মকৌশল গ্রহণ করা উচিত নয়, যার কারণে পরে লজ্জিত হতে হয়।
এর আগে গত সপ্তাহে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে ইতালির ভেনিসে যান বাঁধন। সেখানে পরিবারের সদস্যদের সাথে ঘোরার সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার ভূমিকার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু প্রবাসী নেতাকর্মী হামলা ও হেনস্তা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর ইতালিতেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাঁধন। দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি হামলার ঘটনায় নিজের অবস্থানও স্পষ্ট করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)