Logo
×

Follow Us

বিনোদন

ক্স অফিসের পর ওটিটিতেও মুখ থুবড়ে পড়ল ‘টক্সিক’

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ এএম

ক্স অফিসের পর ওটিটিতেও মুখ থুবড়ে পড়ল ‘টক্সিক’

ছবি: সংগৃহীত

চার বছরের দীর্ঘ প্রতীক্ষা ও বিপুল আয়োজন নিয়ে মুক্তি পাওয়া কন্নড় তারকা যশের মেগা বাজেটের চলচ্চিত্র ‘টক্সিক’ প্রেক্ষাগৃহে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। বড় পর্দায় আশানুরূপ সাড়া না পাওয়ার পর এবার ইয়াশ অভিনীত সিনেমাটির ওটিটি স্বত্বের বাজারমূল্য নিয়েও সামনে এসেছে হতাশার খবর। মুক্তির আগে যেখানে প্রায় ১৫০ কোটি টাকার প্রস্তাব এসেছিল, এখন সেখানে সর্বোচ্চ ৩০ কোটি টাকার কাছাকাছি প্রস্তাব পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ঘিরে মুক্তির আগে ছিল তুমুল প্রত্যাশা। ইয়াশের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। বড় বাজেটের এই গ্যাংস্টারধর্মী সিনেমার ডিজিটাল স্বত্ব নিয়েও তাই আগ্রহ ছিল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই একটি বড় স্ট্রিমিং সংস্থা সব ভাষার পোস্ট-থিয়েট্রিক্যাল ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি টাকা দিতে চেয়েছিল। কিন্তু নির্মাতারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাদের লক্ষ্য ছিল ২০০ কোটির বেশি দামে স্বত্ব বিক্রি করা।

মুক্তির প্রথম দিনে অবশ্য ভালোই শুরু করে ‘টক্সিক’। ভারতে সব ভাষা মিলিয়ে প্রথম দিনে ছবিটির নেট আয় ছিল প্রায় ১০১ কোটি ১০ লাখ টাকা। তবে পরবর্তী সময়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া দুর্বল হওয়ায় আয় দ্রুত কমতে থাকে।

মুক্তির ১২ দিন পর ভারতে সিনেমাটির নেট সংগ্রহ দাঁড়ায় প্রায় ২৪৫ কোটি ৭৫ লাখ টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব পড়ে ওটিটি বাজারেও।

বর্তমানে ‘টক্সিক’-এর ডিজিটাল স্বত্বের জন্য সর্বোচ্চ প্রায় ৩০ কোটি টাকার প্রস্তাব পাওয়া যাচ্ছে বলে খবর। অর্থাৎ আগের ১৫০ কোটি টাকার প্রস্তাবের তুলনায় অঙ্কটি নেমেছে প্রায় এক-পঞ্চমাংশে।

এই দৌড়ে জি-ফাইভ এগিয়ে রয়েছে বলে জানা গেলেও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। ফলে শেষ পর্যন্ত ‘টক্সিক’ কত দামে ওটিটিতে জায়গা করে নেয়, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: দ্য ওয়াল

মন্তব্য করুন