অভিনেত্রী বাঁধনকে সব ধরনের সহায়তা দেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
অভিনেত্রী বাঁধন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় তাঁর পাশে থাকার কথা জানিয়েছে সরকার। ইতালিতে দায়ের করা মামলার কার্যক্রম পরিচালনাসহ দেশটিতে অবস্থানকালে বাঁধনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতালিতে বাঁধনের করা মামলার বিষয়ে মিলানের বাংলাদেশ কনস্যুলেট ইতোমধ্যে সহযোগিতা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে কনস্যুলেটের কর্মকর্তারা তাঁর সাথে দেখা করেছেন এবং মামলা পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাঁধন ইতালিতে যতদিন অবস্থান করবেন, ততদিন বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে তাকে সহযোগিতা অব্যাহত রাখা হবে। একই সাথে ভেনিসে ঘটে যাওয়া ঘটনাটির তীব্র নিন্দা জানান তিনি।
বাঁধনের ওপর হামলার ঘটনা তার ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন, নীতি ও নিয়মকানুন মেনে চলা স্বাভাবিক বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীরাও স্থানীয় আইন ও বিধিবিধান অনুসরণ করেন।
ভেনিসের ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বিদেশের মাটিতে এ ধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। সরকার সব ধরনের সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে অবস্থান করছে বলেও তিনি জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ইতালির ঘটনাই নয়, বিশ্বের যেকোনো প্রান্তে বাংলাদেশি নাগরিকের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে। একইভাবে বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটলে সরকার তা গুরুত্বের সাথে মোকাবিলা করবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)