দুয়ার জন্মদিনে ম্যাটারনিটি ফটোশুট, নজর কাড়লেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। আর সেই বিশেষ সময়েরই এক ঝলক ধরা পড়ল তার এবং রণবীর সিংয়ের সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুটে। মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে এই বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারকা দম্পতি। ছবিতে দীপিকার বেবি বাম্প যেমন নজর কেড়েছে, তেমনই তার পোশাকের দাম নিয়েও শুরু হয়েছে চর্চা।
জানা যায়, এই ফটোশুটের জন্য দীপিকা পরেছিলেন একটি সাদা লেসের পোশাক। ৮ সেপ্টেম্বর মেয়ের জন্মদিনে দীপিকা ও রণবীর তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলিতে তাদের সাথে দেখা যায় মেয়ে দুয়াকেও। ছবিগুলি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, 'দুয়া এবং আমাদের হৃদয় ক্রমশ বড় হচ্ছে।'
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশ্যে আসে চলতি বছরের ১৯ এপ্রিল। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে মা হওয়ার খবর জানান তারা। ছবিতে দেখা যায়, তাদের মেয়ে দুয়া হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট ধরে রয়েছেন।
ফটোশুটে দীপিকার পোশাকটিও বিশেষ নজর কেড়েছে। অভিনেত্রী পরেছিলেন ফ্যাশন ব্র্যান্ড Deme by Gabriella-র ‘Kianna Set’। ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, পোশাকটির দাম ৪৮,৬৪৩ টাকা।
সাদা রঙের এই লেসের পোশাকে রয়েছে সূক্ষ্ম লেস ও কাটওয়ার্কের কাজ। পোশাকের উপরের অংশে রয়েছে একটি ফ্রন্ট কাট-আউট, যা কোমরের কাছে খোলা অংশ তৈরি করেছে এবং পোশাকটিকে দিয়েছে আলাদা ধরনের স্টেটমেন্ট লুক। এর সাথে ছিল একই ডিজাইনের ফুলেল লেসের প্যান্ট।
পোশাকের সাথে দীপিকার স্টাইলিংও ছিল বেশ সাদামাটা। চুলে ছিল খোলা বিচ ওয়েভস। তবে কোনো গয়না পরেননি তিনি। এমনকি কানে দুলও ছিল না। ফলে পুরো লুকের ফোকাস ছিল পোশাক এবং তার মাতৃত্বকালীন আভায়। অন্যদিকে রণবীর সিংও স্ত্রীকে মানানসই সাদা পোশাক বেছে নিয়েছিলেন। সাদা শার্টের সাথে সাদা প্যান্টে দেখা যায় অভিনেতাকে।
সূত্র: এই সময়
মন্তব্য করুন
logo-1-1772191739.png)