Logo
×

Follow Us

বিনোদন

ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জনকে শনাক্ত করল বাংলাফ্যাক্ট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জনকে শনাক্ত করল বাংলাফ্যাক্ট

সংগৃহীত ছবি

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচ ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানিয়েছে, ৮ সেপ্টেম্বর ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে ওই পাঁচ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, শনাক্ত ব্যক্তিরা ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত।

চব্বিশের জুলাই গণআন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের দাবির পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বর্তমানে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তিনি ইতালিতে অবস্থান করছেন।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ইতালিতে ভাইয়ের সাথে বাইরে বের হওয়ার সময় বাঁধনকে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের একটি দলের হেনস্তার মুখে পড়তে হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ও বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে কেন্দ্র করে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্যের একটি অংশে সাবেক অন্তর্বর্তী সরকার, আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির প্রচেষ্টাও শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে কাজ করে বাংলাফ্যাক্ট। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণাও করে প্রতিষ্ঠানটি।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে তাদের অনুসন্ধানে শনাক্ত হয়েছে। বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্যের বিস্তার ঠেকিয়ে জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দিতে তারা নিয়মিতভাবে কাজ করছে।

মন্তব্য করুন