ইতালিতে অভিনেত্রী বাঁধনকে নিষিদ্ধ আ.লীগের হেনস্তার অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
সংগৃহীত ছবি
ইতালির ভেনিসে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সোমবার রাতে এ ঘটনার মুখোমুখি হন বলে জানান তিনি। পরে ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, একদল বাংলাদেশি তাকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। তার দাবি, ওই ব্যক্তিদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন।
বাঁধনের ভাষ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তার অবস্থানের কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে সম্বোধন করে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেয়। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তার ভাইয়ের পরিবারের সদস্যরাও সাথে ছিলেন। ভাইয়ের ছোট শিশুটিও সেখানে উপস্থিত ছিল। হামলার ঘটনায় শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান বাঁধন। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও একদল ব্যক্তিকে বাঁধনের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় ও তাকে ঘিরে ধরার চেষ্টা করতে দেখা গেছে। কিছু ভিডিওতে কয়েকজনকে নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিতে এবং বাঁধনকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উল্লেখ করতে শোনা যায়। এসব ভিডিওর প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে নিজের ক্ষোভ ও আতঙ্কের কথা জানান। তিনি বলেন, তাকে দমানো সহজ নয় এবং ওই সময় তার মনে হয়েছিল পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সে সময় দেশি-বিদেশি গণমাধ্যমে কথা বলেছেন তিনি। তার দাবি, ওই রাজনৈতিক অবস্থানের কারণেই ইতালিতে তাকে এভাবে হেনস্তার শিকার হতে হয়েছে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। তার অভিযোগের বিষয়ে ভেনিসে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া আজমেরী হক বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন। উৎসবে তার উপস্থিতির মধ্যেই এ ঘটনার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)