Logo
×

Follow Us

বিনোদন

ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সম্মানজনক ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিস উৎসবে নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি।

গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া ১২ দিনব্যাপী উৎসবের মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে শনিবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়। পরদিন রোববার সালা দারসেনা থিয়েটারে দেখানো হয় দ্বিতীয় প্রদর্শনী। স্থানীয় সময় সোমবার বিকেলে অ্যাস্ট্রা-১ ও অ্যাস্ট্রা-২ থিয়েটারে ছবিটির আরও দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।

শৈশবের স্মৃতি, ঢাকার একটি বিউটি পার্লার এবং একটি বিয়েবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প। প্রায় দুই দশক ধরে এই ভাবনা লালন করে আসছেন পরিচালক রুবাইয়াত হোসেন। ছোটবেলায় বিউটি পার্লারে শোনা একটি গল্প এবং সেই সময়ের কিছু ভীতিকর অভিজ্ঞতা তাকে দীর্ঘদিন প্রভাবিত করে। পরবর্তী সময়ে সেই স্মৃতি ও ভয় থেকেই সিনেমাটির গল্পের কাঠামো তৈরি করেন তিনি।

সিনেমাটির নির্মাণে অন্যতম ব্যতিক্রমী দিক হলো নারীপ্রধান টেকনিক্যাল টিম। আবহসংগীতের বিভাগ ছাড়া চিত্রগ্রহণ, সম্পাদনা, প্রোডাকশন ডিজাইনসহ চলচ্চিত্রটির প্রায় সব গুরুত্বপূর্ণ কারিগরি বিভাগের নেতৃত্বে ছিলেন নারীরা।

পরিচালক রুবাইয়াত হোসেন জানান, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ও কাজের গতি তাকে মুগ্ধ করেছে। চলচ্চিত্র নির্মাণে নারীরা পিছিয়ে—এমন প্রচলিত ধারণা ভাঙার ক্ষেত্রেও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান।

ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির পাশাপাশি বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শেষে চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছবিটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। আগামী বছর বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রায় ভেনিস উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অভিষেক তাই বিশেষ তাৎপর্য বহন করছে। প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া দেশের সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন