৫ সেপ্টেম্বর কেন ভাইরাল হয় ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা ‘৫ সেপ্টেম্বর’
প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়ে ওঠে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর একটি দৃশ্য। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা ‘৫ সেপ্টেম্বর’ তারিখটি সিনেমাপ্রেমীদের কাছে চতুর রামালিঙ্গম ওরফে ‘সাইলেন্সার’-এর সেই বিখ্যাত চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয়। তবে সিনেমার গল্পের বাইরেও এই তারিখের রয়েছে বিশেষ তাৎপর্য।
২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’-এ অমি বৈদ্য অভিনীত চতুর রামালিঙ্গম ছিল মুখস্থনির্ভর শিক্ষা ও অন্ধ প্রতিযোগিতার প্রতিচ্ছবি। শিক্ষক দিবসের অনুষ্ঠানে কলেজের ডিন ‘ভাইরাস’কে খুশি করতে একটি দীর্ঘ হিন্দি ভাষণ মুখস্থ করে মঞ্চে ওঠে চতুর।
কিন্তু র্যাঞ্চোর বুদ্ধিদীপ্ত কৌশলে সেই ভাষণের কয়েকটি শব্দ বদলে যায়। ফলে বক্তব্য দিতে গিয়ে পুরো মিলনায়তনের সামনে হাস্যকর ও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে চতুর। এই ঘটনার পর র্যাঞ্চো ও তার বন্ধুদের উদ্দেশে সে চ্যালেঞ্জ ছুড়ে দেয়—১০ বছর পর, ঠিক একই দিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর আবার ক্যাম্পাসে দেখা হবে তাদের।
চতুরের সেই চ্যালেঞ্জের স্মৃতি ধরে রাখতেই বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা হয় ‘৫ সেপ্টেম্বর’। এরপর থেকে সিনেমার দর্শকদের কাছে দিনটি হয়ে ওঠে বিশেষ এক প্রতীক। প্রতিবছর তারিখটি এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দেয়ালের ছবি ও সিনেমার জনপ্রিয় দৃশ্য।
তবে ৫ সেপ্টেম্বরকে বেছে নেওয়ার পেছনে সিনেমার গল্পের বাইরেও রয়েছে বাস্তব ইতিহাস। ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। স্বাধীন ভারতের প্রথম উপররাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৯৬২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপনের উদ্যোগ নেন। তখন নিজের জন্মদিন আলাদাভাবে পালনের পরিবর্তে দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালনের আহ্বান জানান তিনি। এরপর থেকেই ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়ে যায়।
‘থ্রি ইডিয়টস’-এর ওই দৃশ্য তাই নিছক হাস্যরসের অংশ নয়। সিনেমার মাধ্যমে মুখস্থনির্ভর শিক্ষা, নম্বরের জন্য প্রতিযোগিতা এবং সৃজনশীলতার সংকটের মতো বিষয়ও তুলে ধরা হয়েছে। চতুরের চরিত্রের মধ্য দিয়ে শিক্ষাব্যবস্থার সেই বাস্তবতাকেই অনেকটা ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে।
সিনেমাটি মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও ৫ সেপ্টেম্বর এলেই নতুন করে আলোচনায় আসে ‘থ্রি ইডিয়টস’। একটি দেয়ালে লেখা সাধারণ একটি তারিখ কীভাবে সিনেমার গল্প, ভারতের শিক্ষক দিবস এবং শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত হয়ে গেছে—সেটিই দিনটির সবচেয়ে বড় বিশেষত্ব।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)