Logo
×

Follow Us

বিনোদন

বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

বাংলা সংগীতের নক্ষত্র ও জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন গুণী এই শিল্পী। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করে তিনি বাংলা গানের জগতে নিজের জন্য তৈরি করেছেন এক অনন্য অবস্থান।

বিশেষ দিনটি নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, সাধারণত আমি ঘটা করে জন্মদিনের কোনো আয়োজন করি না। বিশেষ করে গাজী মাজহারুল আনোয়ার ২০২২ সালের এই দিনে আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে তেমন কোনো আয়োজন রাখি না। এবারও তাই। তেমন কোনো পরিকল্পনা নেই। কাছের কিছু মানুষ আসবে। আমার বোনের ছেলে-মেয়েরা আসবে। তাদের নিয়েই ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করব।

এদিকে বিশেষ এই দিনটি উপলক্ষে রাত ১০টা ২০মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের একটি অনুষ্ঠান। সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে অনুষ্ঠানে আলাপচারিতায় মেতে উঠবেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি শনিবার বিকাল সাড়ে ৫টায় আবারও প্রচার করা হবে।

বলে রাখা যায়, ১৯৫৪ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। তার বাবার নাম লুৎফর রহমান, মায়ের নাম বেগম মৌলুদা খাতুন। তাদের আদিনিবাস সাতক্ষীরা জেলার সদর উপজেলার মুকুন্দপুর গ্রামে।

মাত্র সাত বছর বয়সে স্টেজে গান শুরু করেন সাবিনা ইয়াসমিন। এরপর প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করে যাচ্ছেন তিনি। দেশের গানেই তার যে অবদান, তা দিয়েই বাংলার বুকে বেঁচে থাকবেন শত শত বছর।

১৯৬২ সালে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে প্রথম গান গাওয়ার সুযোগ পান সাবিনা ইয়াসমিন। আর ১৯৬৭ সালে প্রথম প্লেব্যাক করেন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে। এরপর অসংখ্য সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি।  

১৯৭১ সালে নঈম গহরের লেখা ও আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি গেয়েছিলেন। এই গানটি মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা জুগিয়েছিল।  

সাবিনা ইয়াসমিনের গাওয়া গানের সংখ্যা প্রায় ১০ হাজার। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘একবার যেতে দে না’, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘কতো সাধনায় এমন ভাগ্য মেলে’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’, ‘সুন্দর সুবর্ণ’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘মনেরই রঙে রাঙাবো’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘ও আমার রসিয়া বন্ধু রে’, ‘এই পৃথিবীর পরে’, ‘সেই রেললাইনের ধারে’, ‘আমার হৃদয়ের আয়না’, ‘তুমি যে আমার কবিতা’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘বাবা বলে গেলো’, ‘একি সোনার আলোয়’  ইত্যাদি।

সাবিনা ইয়াসমিন ১৯৭৫ সালে ‘সুজন সখী’ সিনেমাতে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। দীর্ঘ ক্যারিয়ারে সর্বমোট ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেছেন তিনি। যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে অনন্য এক রেকর্ড।

এছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ বরেণ্য এই সঙ্গীতশিল্পী একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ১৯৮৫ সালে গানের জন্য ভারত থেকে ‘ডক্টরেট’, উত্তম কুমার পুরস্কার, ছয়বার বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। 

উল্লেখ্য, সম্প্রতি এই সময়ের শিল্পী মোমিন বিশ্বাসের সঙ্গে একটা গান করেছেন সাবিনা ইয়াসমিন। শিরোনাম ‘না বলা গল্প’। গানটি সুর করেছেন রাজেশ ঘোষ। লিখেছেন সামছুল আলম। গানটির ভিডিও রেকর্ডিং শেষ হয়েছে। শিগগিরই গানটি প্রকাশ করা হবে। এ ছাড়া দু-চারটা গানের কথা চলছে শিল্পীর। 

এছাড়া আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে সফরে যাবেন সাবিনা ইয়াসমিন। সেখানে দুটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা আপাতত চূড়ান্ত হয়েছে। একটি লন্ডনে, অন্যটি স্কটল্যান্ডে। আরও কয়েকটি অনুষ্ঠানের ব্যাপারে কথা হচ্ছে। তবে চূাড়ান্ত হয়নি। 

মন্তব্য করুন