বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি নিজের অভিনীত ‘দায়রা’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে পাপারাজ্জিদের ওপর বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। অনুষ্ঠানে অলিভ রঙের কোঅর্ড সেট, হিল জুতা, খোলা চুল ও মানানসই সাজে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।
‘দায়রা’ সিনেমার সহশিল্পীদের সাথে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন কারিনা। এ সময় পাপারাজ্জিরা ভালো ছবি পাওয়ার জন্য তাকে কখনো ডান দিকে, আবার কখনো বাঁ দিকে যেতে বলছিলেন। কয়েকবার এভাবে অবস্থান পরিবর্তন করতে গিয়ে বিরক্ত হয়ে নিজের হিল জুতার দিকে ইঙ্গিত করেন তিনি।
কারিনা তখন পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘কখনো এদিক, আবার কখনো ওদিক! আমি তো হিল পরে আছি।’ চোখ বড় করে তার অঙ্গভঙ্গি থেকেও স্পষ্ট ছিল, হিল পরে বারবার হাঁটাচলায় তিনি অস্বস্তি বোধ করছিলেন। এ ঘটনার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি প্রকাশের পর কারিনার আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার আচরণের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের তুলনা করেছেন। পাপারাজ্জিদের সঙ্গে কড়া ব্যবহারের জন্য জয়া বচ্চন বলিউডে বেশ পরিচিত।
সামাজিক মাধ্যমে এক ব্যবহারকারী কারিনাকে উদ্দেশ করে মন্তব্য করেন, ‘জয়া বচ্চনের বোন।’ আরেকজন লেখেন, ‘আরেক জয়া বচ্চন তৈরি হচ্ছে।’ তবে অনেকেই কারিনার স্বাভাবিক ও স্পষ্টভাষী আচরণ পছন্দ করেছেন। তাদের মতে, হাসিখুশি কিংবা মেজাজি—দুই ধরনের কারিনাকেই ভক্তরা দেখতে অভ্যস্ত।
এদিকে কিছুদিন আগে কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। জিম থেকে বের হওয়ার সময় ধারণ করা একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এমন জল্পনা শুরু হয়। ভিডিওতে অভিনেত্রীর পেট কিছুটা স্ফীত দেখাচ্ছে দাবি করে কয়েকজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী তাকে নিয়ে নানা মন্তব্য করেন।
তবে কারিনার সহযোগী দল দ্রুত এ গুঞ্জন নাকচ করে দেয়। অভিনেত্রীর ননদ সাবা পতৌদিও বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তার দাবি, ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে কারিনার পেট স্ফীত দেখাচ্ছিল।
পরে অবশ্য নিজের স্বভাবসুলভ রসিকতায় বিষয়টির জবাব দেন কারিনা। ইনস্টাগ্রাম স্টোরিতে পেট ফোলার একটি ছবি পোস্ট করে এর সঙ্গে ‘হম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘চকোলেট লাইম জুস’ গানটি এবং হাসি ও পিৎজার ইমোজি যোগ করেন তিনি। কারিনার সেই পোস্টের পর অনেকেই ধারণা করেন, অন্তঃসত্ত্বা হওয়ার কোনো বিষয় নয়, বরং খাওয়াদাওয়ার পর পেট ফোলার কারণেই এমনটা দেখা গিয়েছিল।
এরপরই পাপারাজ্জিদের সামনে বিরক্তি প্রকাশ করে কারিনার মন্তব্য, ‘তোমরা আমাকে পাগল করে দাও!’—নতুন করে আলোচনায় এসেছে। অভিনেত্রীর সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক মাধ্যমে বেশ ছড়াচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)