Logo
×

Follow Us

বিনোদন

অভিনয়ে ফেরার অনিশ্চয়তা, নতুন জীবন নিয়ে পপি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

অভিনয়ে ফেরার অনিশ্চয়তা, নতুন জীবন নিয়ে পপি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি নিজের জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছার কথা জানিয়েছেন। অভিনয়ে ফেরার বিষয়েও এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্ত দেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন পপি। জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, সুন্দরভাবে বাঁচতে চান এবং আল্লাহ-খোদার নাম নিয়ে বাকি জীবন কাটাতে চান। জীবনে যত পাপ করেছেন, সেসব থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান বলেও জানান তিনি।

পপির এই বক্তব্যে চলচ্চিত্রের আলোঝলমলে জীবন থেকে নিজেকে আরও গুটিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে অনুপস্থিত থাকা এই অভিনেত্রীর অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

অবশ্য ২০২৫ সালে অভিনয়ে ফেরার বিষয়ে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে ২০২৬ সালেও তার নতুন কোনো চলচ্চিত্রে ফেরার বিষয়টি নিশ্চিত হয়নি।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অভিনয় প্রতিভার স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।

করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘদিন শুটিং থেকে বিরতিতে ছিলেন পপি। নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে চলচ্চিত্র ও গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই বন্ধ হয়ে যায়। এরপর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরে জানা যায়, পপি বিয়ে করে সংসারী হয়েছেন এবং তিনি এক পুত্রসন্তানের মা। তার ছেলের নাম আয়াত। বর্তমানে শিশুটির বয়স প্রায় চার বছর।

অভিনয় থেকে দীর্ঘ বিরতি এবং ব্যক্তিজীবনে পরিবর্তনের পর পপির সাম্প্রতিক বক্তব্যে এখন নিজের জীবনকে নতুনভাবে সাজানোর আকাঙ্ক্ষাই স্পষ্ট হয়ে উঠেছে।

মন্তব্য করুন