ছবি: সংগৃহীত
সাত বছর ধরে একটি সত্যকে বুকের মধ্যে আগলে রেখেছে বিজয় সালগাঁওকর ও তার পরিবার। সেই সত্য লুকিয়ে রাখতে বারবার আইনের চোখে ধুলো দিয়েছে সে। এবার সেই গল্পের শেষ অধ্যায় সামনে আসতে চলেছে। জনপ্রিয় চরিত্র বিজয় সালগাঁওকর হিসেবে আবারো পর্দায় ফিরছেন অজয় দেবগন।
সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। বহুল প্রতীক্ষিত সিনেমাটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয়। সেখানে লেখা,‘আমার সত্য, আমার বাস্তব, শুধুমাত্র আমার পরিবার।’বিজয়ের চরিত্রের মানসিকতা যেন এক বাক্যেই স্পষ্ট— দুনিয়া তাকে যে নামেই ডাকুক, পরিবারের নিরাপত্তাই তার কাছে সবচেয়ে বড় সত্য।
তৃতীয় পর্বেও রহস্য, টানটান উত্তেজনা ও পারিবারিক আবেগের মিশেল থাকবে। ২০২৫ সালের ডিসেম্বরেই ছবির প্রথম ঝলক প্রকাশ পেয়েছিল। সেখানে বিজয়ের কণ্ঠে শোনা যায়, গত সাত বছরে ঘটে যাওয়া ঘটনা তাকে শিখিয়েছে, প্রত্যেক মানুষের নিজের সত্য ও অধিকার রয়েছে। আর তার সত্য হলো পরিবার।
পরিচালনায় ফিরেছেন অভিষেক পাঠক। তব্বু আবারো মীরা দেশমুখের চরিত্রে, শ্রিয়া সরন নন্দিনী হিসেবে ফিরছেন। থাকছেন রজত কপূরও। নতুন সংযোজন প্রকাশ রাজ ও জয়দীপ অহলাওয়াত।
২০১৫ সালে শুরু হয়েছিল ‘দৃশ্যম’-এর যাত্রা। ২০২২-এর ‘দৃশ্যম ২’ বিশ্বজুড়ে প্রায় ৩৪২ কোটি টাকা আয় করে। এবার বিজয়ের গল্পের শেষ পরিণতি দেখার অপেক্ষায় অনুরাগীরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)