সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের শেষ দিন আজ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের শেষ দিন আজ
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণের অনলাইন কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ মডিউলে প্রয়োজনীয় তথ্য দিয়ে বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত ৫ অক্টোবর এ কার্যক্রম শুরু হয়েছিল।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণের কাজ শেষ হলে অক্টোবর মাসের বেতন পরিশোধের সময় বাড়তি অর্থ দেয়া হবে। চলতি মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামোয় নির্ধারিত মূল বেতন ও বকেয়া অর্থ পাওয়ার কথা রয়েছে সরকারি কর্মচারীদের। তবে আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ছে না।
এ বিষয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতেই দেওয়া হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল অনুযায়ী মূল বেতন নির্ধারণের প্রক্রিয়াটি ‘পে ফিক্সেশন’ নামে পরিচিত। এ জন্য আইবাস++ পোর্টালে প্রবেশ করে চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতন। পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করতে হবে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী প্রত্যেক কর্মচারীর মূল বেতন কত হবে, তা এই প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আগের মূল বেতন ও নতুন নির্ধারিত বেতনের পার্থক্য, পদবি, গ্রেড এবং নতুন বেতন স্কেল কার্যকরের তারিখের ভিত্তিতে বকেয়া অর্থের পরিমাণ হিসাব করা হবে।
অর্থ বিভাগের সূত্রের তথ্য অনুযায়ী, নতুন স্কেলে বেতন নির্ধারণের কাজ শেষ হওয়ার পর বকেয়া বা এরিয়ার বাবদ তিন মাসের অর্থ একসাথে পরিশোধ করবে সরকার। তবে কর্মচারীর বর্তমান মূল বেতন, গ্রেড, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং বেতন কার্যকরের তারিখ অনুযায়ী বকেয়ার পরিমাণে পার্থক্য থাকবে।
বেতন নির্ধারণের সময় কোনো কর্মচারীর পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেড পাওয়ার তথ্য থাকলে তা উল্লেখ করতে হবে। এসব পরিবর্তনের পক্ষে সংশ্লিষ্ট অফিস আদেশ ও প্রয়োজনীয় নথিপত্রও প্রস্তুত রাখতে হবে।
পে ফিক্সেশন প্রক্রিয়ায় জটিলতা এড়াতে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন নির্ধারণে সমস্যা হতে পারে। এ ছাড়া আইবাস++-এ নিবন্ধিত মোবাইল নম্বর সচল রাখা এবং চাকরির নথির সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সামঞ্জস্য নিশ্চিত করাও জরুরি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)