আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ সহায়তা নিতে হলে সংস্থাটির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, কিছু বিষয়ে শর্ত পূরণের পাশাপাশি দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে কর্মসূচির আওতায় কী ধরনের শর্ত থাকবে এবং সেগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। কিছু বিষয়ে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে সমাধান করা হবে।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও পর্যবেক্ষণ আছে এবং বেশ কিছু বিষয়ে দুই পক্ষ একমত। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
অর্থনৈতিক সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের প্রশ্ন রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে সংস্থাটির পর্যবেক্ষণের সাথে বাংলাদেশ একমত। বিশেষ করে ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাত নিয়ে যেসব বিষয় উঠে এসেছে, সেগুলোর অনেকগুলো ইতোমধ্যে পূরণ করা হয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি নিয়েও আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাজেট-পরবর্তী অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অগ্রগতিকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি।
অর্থমন্ত্রী আরও বলেন, আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীর সাথেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়া এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এসব সংস্থার সাথে আলোচনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)