Logo
×

Follow Us

অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন পরিকল্পনা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন পরিকল্পনা

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় বাড়ানো এবং সুশাসন নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, নিয়মিত ঋণ পরিশোধকারীদের প্রণোদনা এবং ব্যাংক খাতের আইনি কাঠামো সংস্কারের মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে উপস্থাপিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব উদ্যোগের কথা জানানো হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সংসদ সদস্য মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি তিন মাস অন্তর বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। এসব বৈঠকে ঋণ আদায়ের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেয়া হবে।

এ ছাড়া ব্যাংকার্স সভায় শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে অর্থ আদায়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর জন্য ঋণ পুনরুদ্ধার কৌশলবিষয়ক বিশেষ নির্দেশিকা প্রণয়ন এবং বিদ্যমান ঋণঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা হালনাগাদ করার পরিকল্পনাও রয়েছে।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে প্রত্যাশিত ঋণক্ষতি বা ‘এক্সপেক্টেড ক্রেডিট লস’ পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ পদ্ধতিতে ঋণ থেকে সম্ভাব্য ক্ষতি আগেভাগে নিরূপণ এবং সে অনুযায়ী সংস্থান সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের তালিকা প্রকাশের আইনগত দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেছেন, ব্যাংক খাতে ছাড় দেওয়ার প্রচলিত প্রবণতা ধীরে ধীরে বন্ধ করতে এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণ নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত করতে ব্যাংক ও ঋণগ্রহীতা উভয় পক্ষকে কার্যকর সমাধান খুঁজতে উৎসাহিত করার মতো প্রণোদনা তৈরি করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে খেলাপি ঋণ আদায়ে কার্যকর ভূমিকা রাখা ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রণোদনা দেয়ার নীতিমালা প্রণয়ন করবে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ঋণ আদায়ে কর্মকর্তাদের সক্রিয়তা বাড়ানো এবং পুনরুদ্ধার কার্যক্রমে গতি আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একই সাথে নিয়মিত ঋণ পরিশোধকারী ভালো গ্রাহকদের চিহ্নিত করে প্রণোদনা দেওয়ার বিদ্যমান নীতিমালা পর্যালোচনা ও হালনাগাদ করা হবে। এতে নিয়মিত ঋণ পরিশোধে গ্রাহকদের আগ্রহ বাড়বে এবং ব্যাংক খাতে দায়িত্বশীল ঋণ গ্রহণ ও পরিশোধের সংস্কৃতি গড়ে উঠবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আগামী চার থেকে পাঁচ বছরে ব্যাংকগুলোর সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করার ওপর জোর দেয়া হয়েছে। ঋণ অনুমোদন, তদারকি, আদায় ও শ্রেণিকরণের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি খেলাপি ঋণ সৃষ্টির পেছনে থাকা কাঠামোগত দুর্বলতা দূর করার উদ্যোগ নেয়া হবে। অর্থাৎ ঋণ খেলাপি হওয়ার পর আদায় তৎপরতা বাড়ানোর পাশাপাশি শুরু থেকেই ঋণঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলতে চায় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ২৩৭ কোটি ৫৬ লাখ টাকা, যা মোট ঋণের ৩১ দশমিক ৪১ শতাংশ। এর আগে গত ৩১ মার্চ খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৬৪ হাজার ১০৫ কোটি ৬৪ লাখ টাকা বা মোট ঋণের ৩০ দশমিক ৯২ শতাংশ। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ১৩১ কোটি ৯২ লাখ টাকা। একই সময়ে মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের হার বেড়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশীয় পয়েন্ট।

খেলাপি ঋণের চাপ মোকাবিলায় তদারকি ও আদায় কার্যক্রমের পাশাপাশি ব্যাংক খাতের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগও নেয়া হয়েছে। এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন জোরদার করতে প্রণীত খসড়াটি ২২ এপ্রিলের আন্তঃমন্ত্রণালয় ও অংশীজনদের সভার সিদ্ধান্ত এবং ২৬ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার পর সংশোধন করা হয়। পরে সংশোধিত খসড়াটি গত ২৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। এ বিষয়ে সর্বশেষ আন্তঃমন্ত্রণালয় ও অংশীজনদের সভা অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর।

ঋণ আদায় প্রক্রিয়া কার্যকর করতে অর্থঋণ আদালত (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়নের উদ্যোগও চলছে। এ আইন যুগোপযোগী করার বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে খসড়া প্রস্তাব তৈরি করে আইন ও বিচার বিভাগে পাঠায়। বর্তমানে সংশোধিত আইনের খসড়া তৈরিতে আরেকটি কমিটি কাজ করছে।

এ ছাড়া খেলাপি ঋণ আদায় বাড়াতে ‘দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন, ২০২৬’ প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে ১৯৯৭ সালের দেউলিয়াত্ব আইন আধুনিকায়ন করে ‘দেউলিয়াত্ব ও দেউলিয়া কার্যক্রম আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত আইনের মাধ্যমে আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্য রেখে দেউলিয়াত্ব ব্যবস্থার আধুনিকায়ন, সামগ্রিক আইনি কাঠামো শক্তিশালী করা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করার লক্ষ্য রয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক অর্থায়ন সংস্থার (আইএফসি) সহায়তায় নতুন দেউলিয়াত্ব আইনের ইংরেজি খসড়া আধুনিক কাঠামোতে চূড়ান্ত করা হয়েছে। খসড়াটি বাংলায় অনুবাদের জন্য আইএফসির সহায়তা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলা সংস্করণ চূড়ান্ত হলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হবে।

বাংলাদেশ ব্যাংকের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায়ে তদারকি বাড়ানো, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিয়মিত ঋণ পরিশোধে গ্রাহকদের উৎসাহিত করার সুযোগ তৈরি হবে। একই সাথে আইনি কাঠামোর সংস্কার ও ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে সহায়ক পরিবেশ তৈরি হতে পারে।

সুত্রঃ বাসস

মন্তব্য করুন