৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে
সিস্টেম মাইগ্রেশনের কারণে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে। এর ফলে এসব ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা সীমিত রয়েছে। আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই মাইগ্রেশন শেষ হলে সেবাগুলো স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণেই সাময়িক এই সমস্যা তৈরি হয়েছে। তবে একসাথে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত করার আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা হয়নি। ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর অংশ হিসেবে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে ব্যাংকগুলো আগে বাংলাদেশ ব্যাংককে জানায়নি।
সেবা সীমিত থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকগুলো গ্রাহকদের এসএমএসের মাধ্যমে সাময়িক সেবা বিঘ্নের তথ্য জানিয়েছে। জরুরি লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। তবে ব্যাংকভেদে সব সেবা একসঙ্গে বন্ধ নয় এবং ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার লেনদেন চালু থাকার কথা রয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী এসব বিকল্প মাধ্যমে লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।
ব্যাংকিং খাতের কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম আপগ্রেড বা মাইগ্রেশনের সময় সাময়িকভাবে কিছু সেবা বন্ধ থাকা স্বাভাবিক। তবে একই সময়ে ৩০টি ব্যাংকের সেবা সীমিত থাকায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। মাইগ্রেশন শেষ হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)