Logo
×

Follow Us

অর্থনীতি

ক্যাশলেস বাংলাদেশ গড়তেবাংলা কিউআরে লেনদেনে লাগবে না ফি: অর্থমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

ক্যাশলেস বাংলাদেশ গড়তেবাংলা কিউআরে লেনদেনে লাগবে না ফি: অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি

 

ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলা কিউআর’ ব্যবহারে কোনো ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেন পুরোপুরি বিনামূল্যে রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডে পণ্য কেনার কার্যক্রম উদ্বোধন ও লেনদেন ব্যবস্থা পরিদর্শনকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, ডিজিটাল অর্থনীতির বিস্তার ঘটাতে দেশের সর্বস্তরের মানুষকে এই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।

অর্থমন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীকে কিউআরভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার সাথে যুক্ত করা হবে। এর মাধ্যমে একজন ক্ষুদ্র ব্যবসায়ীও সহজে যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে অর্থ গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, কিউআরভিত্তিক লেনদেন চালু হলে মানুষের সাথে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। একই সাথে অর্থ লেনদেনের প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতেও এটি ভূমিকা রাখবে বলে জানান তিনি।

প্রাথমিক পর্যায়ে ব্যবস্থাটিতে কিছু কারিগরি সমস্যা বা সাময়িক চ্যালেঞ্জ দেখা দিতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বিকাশমান অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন কার্যকর ও নিরাপদভাবে চালু রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ক্যাশলেস লেনদেনের এই চর্চা দেশে ব্যাপকভাবে চালুর লক্ষ্যে কাজ করছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে নিরাপদ ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে দেশের নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের সরকারি উদ্যোগে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন