Logo
×

Follow Us

অর্থনীতি

ডিজিটাল আর্থিক সেবা আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ ও ইউসিবি'র চুক্তি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

ডিজিটাল আর্থিক সেবা আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ ও ইউসিবি'র চুক্তি

ছবি: সংগৃহীত

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবার পরিধি বাড়াতে এবং ডিজিটাল আর্থিক সেবা আরো সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সাথে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং ইউসিবির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ।

এই চুক্তির ফলে ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। এই প্রক্রিয়ায় প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

একই সাথে আগামীতে ইউসিবি ব্যাংকের যেকোনো লোন ও মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি এবং ক্রেডিট কার্ডের ইএমআই নগদের মাধ্যমে পরিশোধ করা সম্ভব হবে। পাশাপাশি গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ হবে, যা আরও বেশি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসবে। দেশে ক্যাশলেস লেনদেন প্রসারেও চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করতে নগদ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এই চুক্তি দুই পক্ষের গ্রাহকের নিত্যকার প্রয়োজনীয় ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে। সমন্বিত এই প্রয়াসটি দেশের ক্যাশলেস অর্থনীতিকেও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে রেমিট্যান্স পৌঁছে দেয়ার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এই কৌশলগত অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন