ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়িয়ে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার নতুন উন্নয়ন মডেলে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. তিতুমীর বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ‘পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠন’—এই তিন ‘আর’ বা ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে। নতুন এই উন্নয়ন মডেলে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, শিল্প খাতের বহুমুখীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেশের উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তাঁর মতে, প্রবাসীরা যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশের কার্যকর সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তাদের সহযোগিতা, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আন্তর্জাতিক গবেষণা অংশীদারত্ব, প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর এবং দেশীয় সম্ভাবনাময় স্টার্টআপের জন্য বৈশ্বিক বিনিয়োগ ও বাজারের সুযোগ তৈরিতে প্রবাসী পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ড. তিতুমীর বলেন, প্রবাসীদের জ্ঞান, অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত যোগাযোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ব্যক্তিগত সাফল্যকে দেশের সম্মিলিত সম্ভাবনায় রূপান্তরের আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মনির জামানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন মার্কিন কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেল ও মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি মেগান ক্যাভানাহ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা সম্মেলনে অংশ নেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)