মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান ড. তিতুমীরের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া যেন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত না করে, বরং অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করে—এমন একটি মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘এলডিসি-জিআইএফ মেকানিজম ইন্ট্রোডাকশন অ্যান্ড হাই-লেভেল ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. তিতুমীর বলেন, এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলো এখনো বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতা ও উৎপাদন সক্ষমতার ঘাটতির মুখে রয়েছে। এর সাথে ভূরাজনৈতিক সংঘাত, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবং অভ্যন্তরীণ নানা সংকট যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
তিনি বলেন, শিল্পায়ন ত্বরান্বিত করা, সমন্বিত উদ্যোগ গ্রহণ, জ্বালানি খাতে রূপান্তর এবং কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে এলডিসি উত্তরণকে টেকসই ও অপরিবর্তনীয় করতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
এ জন্য এলডিসিগুলোর আর্থিক ও কারিগরি সহায়তার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ জোরদারের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তার মতে, এসব দেশের প্রয়োজনের তুলনায় প্রযুক্তি হস্তান্তরের পরিমাণ এখনো যথেষ্ট নয়।
ড. তিতুমীর আশা প্রকাশ করেন, এলডিসি গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটেশন (এলডিসি-জিআইএফ) উদ্যোগ প্রযুক্তি হস্তান্তর ও শিল্প খাতে এর ব্যবহার বাড়াতে সহায়ক হবে। একই সাথে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঠামোগত অর্থনৈতিক রূপান্তর এবং টেকসই এলডিসি উত্তরণেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)