Logo
×

Follow Us

অর্থনীতি

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

সংগৃহীত ছবি

সৌদি আরবের তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষণে বলা হচ্ছে, সৌদি আরবের তেল রপ্তানি বাড়ার সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল পুনরুদ্ধারের প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে। চলতি সেপ্টেম্বরে সৌদি আরবের দৈনিক তেল রপ্তানি ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে, যেখানে আগস্টে তা প্রায় ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল।

তবে সৌদি আরবে হুথিদের হামলার ঝুঁকি এখনো রয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হুথিরা রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। তাদের লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরামকোর একটি স্থাপনাও ছিল। রিয়াদের প্রধান বিমানবন্দরের আশপাশে আগুন ও ধোঁয়া দেখা যাওয়ার খবরও পাওয়া যায়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো আগের অবস্থায় ফেরেনি। রয়টার্সের হিসাবে, গত সপ্তাহান্তে এ পথে ১২টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। আগের সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৩৫টি। সংঘাত শুরুর আগে প্রতিদিন প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এই রুট ব্যবহার করত।

তবে জ্বালানি সরবরাহ নিয়ে বাজারে কিছুটা ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গত দুই সপ্তাহে অপরিশোধিত তেল, বিভিন্ন পণ্য ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের পরিমাণ গত ছয় মাসের যেকোনো সময়ের তুলনায় বেশি ছিল।

সব মিলিয়ে সৌদি আরবে হামলার আশঙ্কা অব্যাহত থাকলেও তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং জ্বালানি পরিবহনপথে ধীরে ধীরে স্বাভাবিকতা ফেরার প্রত্যাশাই আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে।

মন্তব্য করুন