Logo
×

Follow Us

অর্থনীতি

সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ডলার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ডলার

ফাইল ছবি

সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেই দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা। ফলে চলতি মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে মাসিক ভিত্তিতে প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৪ শতাংশ।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৭০ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং হুন্ডি ঠেকাতে কড়াকড়ি জোরদারের কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

মন্তব্য করুন