Logo
×

Follow Us

অর্থনীতি

বাংলা কিউআর ব্যবহারে ৪ নির্দেশনা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

বাংলা কিউআর ব্যবহারে ৪ নির্দেশনা

সংগৃহীত ছবি

বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরো সহজ ও জনপ্রিয় করতে চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা অর্থ দ্রুত বিক্রেতার হিসাবে পৌঁছানোর পাশাপাশি ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সেবার অ্যাপেও এ সুবিধা সহজে ব্যবহারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রদানকারী (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকবান্ধব ডিজিটাল লেনদেন নিশ্চিত করা এবং বিক্রেতাদের কিউআর পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এসব নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রথম নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা দিতে হবে। বর্তমানে কিছু বড় বিক্রেতার ক্ষেত্রে অর্থ জমা হতে এক থেকে দুই দিন সময় লাগার সুযোগ থাকলেও নতুন ব্যবস্থায় সব ধরনের বিক্রেতার হিসাবেই তাৎক্ষণিক নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান রাখতে হবে। এর ফলে গ্রাহকেরা অ্যাপ খুলেই সহজে কিউআর পেমেন্টের অপশন খুঁজে পাবেন।

তৃতীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যানের পাশাপাশি মোবাইল ফোনের গ্যালারি থেকে বাংলা কিউআরের ছবি আপলোড করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।

চতুর্থ নির্দেশনায় ব্যাংকের কার্ডধারীদের পাশাপাশি সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে লেনদেনের সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ব্যবস্থা ৩১ অক্টোবরের মধ্যে চালু করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, নির্দেশনাগুলো কার্যকর হলে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ব্যবহার আরো সহজ হবে এবং দেশে ডিজিটাল পেমেন্টের পরিধিও বাড়বে।

মন্তব্য করুন