Logo
×

Follow Us

অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে এল প্রথম গানভর এলএনজি কার্গো

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

যুক্তরাষ্ট্র থেকে এল প্রথম গানভর এলএনজি কার্গো

সংগৃহীত ছবি

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভরের সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে কার্গোটি সামিটের এলএনজি টার্মিনালে নোঙর করে। এরপরই কার্গো থেকে এলএনজি খালাসের কার্যক্রম শুরু হয়।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, এই কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে। যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সাথে বাংলাদেশের ১৩ বছর মেয়াদি চুক্তি রয়েছে। চুক্তির আওতায় মোট ১১৭টি এলএনজি কার্গো আমদানি করা হবে। এর মধ্যে চলতি বছর দেশে আসার কথা রয়েছে পাঁচটি কার্গো।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সাথে এই দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। চুক্তির আওতায় প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে আসে।

এর আগে ১৪ সেপ্টেম্বর আরও একটি এলএনজি কার্গো দেশে পৌঁছেছিল। পরপর দুটি কার্গো আসায় জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসে বাংলাদেশে মোট নয়টি এলএনজি কার্গো আসার কথা রয়েছে। এর মধ্যে আরামকোর দুটি এবং ব্রিটিশ পেট্রোলিয়াম ও পস্কোর একটি করে চারটি কার্গো ইতোমধ্যে দেশে এসেছে। ১৭ সেপ্টেম্বর গানভরের কার্গো পৌঁছানোর পর ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটালএনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং ২৮ সেপ্টেম্বর গানভর থেকে আরো চারটি কার্গো আসার কথা রয়েছে।

এদিকে ১৭ সেপ্টেম্বর রাত ৮টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এসেছে ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৯৯৩ মিলিয়ন ঘনফুট।

মন্তব্য করুন