Logo
×

Follow Us

অর্থনীতি

১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

সংগৃহীত ছবি

দেশের গ্যাসের জরুরি চাহিদা সামাল দিতে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিসিইএ’র ২৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুই কার্গো করে এলএনজি আমদানি করবে বাংলাদেশ। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই গ্যাস কেনা হবে। এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করে।

প্রস্তাবিত চুক্তিতে প্রয়োজনের সময় উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারিত পরিমাণের বাইরে অতিরিক্ত এলএনজি কার্গো কেনার সুযোগও রাখা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তৈরি হওয়া অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সাথে দেশের গ্যাসের জরুরি চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এলএনজি আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন