Logo
×

Follow Us

অর্থনীতি

দুই দিনে ৫৮১ কোটি টাকা তুললেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম

দুই দিনে ৫৮১ কোটি টাকা তুললেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে মাত্র দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিয়েছেন প্রায় ১৪ হাজার গ্রাহক। ব্যাংকটির তথ্য অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার—এই দুই দিনে প্রায় ১৪ হাজার ব্যক্তি আমানতকারী তাদের অর্থ উত্তোলন করেছেন।

ব্যাংকের কেন্দ্রীয় দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) প্রায় ৬ হাজার গ্রাহক ২৫৪ কোটি টাকা ফেরত নেন। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক উত্তোলন করেন আরও ৩২৭ কোটি টাকা।

এর আগে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে অর্থ ফেরতের আবেদন গ্রহণ করা হয়। ওই সময়ে মোট ৭৪ হাজার ২২১টি আবেদনের মাধ্যমে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের চাহিদা জমা পড়ে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬টি আবেদনের বিপরীতে ১ হাজার ৩২৯ কোটি টাকা ফেরতের আবেদন করা হয়। পরদিন ১৯ হাজার ৬১৩টি আবেদনে চাওয়া হয় ১ হাজার ১৬ কোটি টাকা। তৃতীয় দিনে ২১ হাজার ৮৬টি আবেদনের বিপরীতে ৯২৩ কোটি টাকা এবং শেষ দিনে ১৫ হাজার ৪৭৬টি আবেদনের বিপরীতে ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন জমা পড়ে।

এর মধ্যে ২ সেপ্টেম্বর যারা অর্থ ফেরতের আবেদন করেছিলেন, তাদের ৮ সেপ্টেম্বর টাকা পাওয়ার কথা ছিল। তবে ওই দিন ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে মোট ৩২৭ কোটি টাকা ফেরত নিয়েছেন ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক।

সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। একীভূত হওয়ার আগে এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবেই ছিল প্রায় ১৫ হাজার কোটি টাকা।

নগদ অর্থ ফেরতের পাশাপাশি গত ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও চালু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। দীর্ঘদিন স্থবির থাকার পর এর ফলে ব্যাংকটির কার্যক্রমে কিছুটা গতি ফিরেছে। একই দিনে ব্যক্তি আমানতকারীদের মূল আমানত ফেরত দিতে তারল্য সহায়তা হিসেবে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে মেয়াদি আমানতের সম্পূর্ণ মূল টাকা একবারে তুলে নিলে সেটিকে চূড়ান্ত ও পূর্ণ নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে কোনো মুনাফা দেওয়া হবে না।

অন্যদিকে, যেসব গ্রাহক এখনই অর্থ উত্তোলন না করে আমানত চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাবেন। ব্যাংকটির সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক হলে পরবর্তী সময়ে মুনাফাসহ অর্থ জমা ও উত্তোলনের সুযোগও থাকবে।

মন্তব্য করুন